মাধবপুরে অপহরণ ও ধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬:৪৭ অপরাহ্ন
ডাক ডেস্ক : হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক মোঃ স্বপন মিয়া (১৮) কে গ্রেফতার করেছে র্যাব।
সিলেট র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গত বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার নোয়াপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত স্বপন মিয়া বাহুবল উপজেলার সোয়াইয়া গ্রামের মো. ছালেক মিয়ার ছেলে।
জানা যায়, মাধবপুর জগদীশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ভিকটিমকে প্রায়ই উত্ত্যক্ত করতো লম্পট স্বপন। স্বপনের উৎপীড়নে ভিকটিমের স্কুলে যাওয়া বন্ধ করে দেয় পরিবার। গত ৬ নভেম্বর ভিকটিম নিজ বাড়ির অন্য ঘরে কাজ করার সময় আসামী একটি ছুরি নিয়ে ভিকটিমের ঘরে প্রবেশ করে প্রাণে মারার হুমকি দিয়ে অপহরণ করে নিয়ে যায়। এঘটনায় দায়েরকৃত মামলায় র্যাব অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।




