কোম্পানীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৮ জনকে ছয় মাসের জেল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৫, ৪:১৯:০৬ অপরাহ্ন
কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ৬ মাসের জেল দেওয়া হয়েছে।
গতকাল রোববার বেলা ১২টা থেকে ৩টা পর্যন্ত ধলাই নদীর বাংকার ও কালাইরাগ এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- মো. মানিক মিয়া, মো. শাহ আলম, মো. রিফাত আহমেদ, সঞ্জয় সরকার, হেলাল আহমেদ, মো. হেলাল, মো. জলিল, রফিকুল ইসলাম।
জানা যায়, ধলাই নদীর বাংকার, কালাইরাগ ও ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে কিছু দুষ্কৃতকারী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ তাদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বালু উত্তোলন ও পরিবহনের সাথে জড়িত থাকায় হাতেনাতে ৮ জনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, বাংকার ও কালাইরাগ এলাকা থেকে নৌকা দিয়ে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে আটক করা হয়েছে। তাদের প্রত্যেককে ৬ মাস করে জেল দেওয়া হয়েছে।




