সিলেটে বর্ণিল আয়োজনে শুভ বড়দিন উদযাপিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ৬:৫৪:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই নতুন জামাকাপড় পড়ে গির্জা গুলোতে ভিড় করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ছোট, বড় সব বয়সের মানুষজন মেতে উঠেন উচ্ছ্বাসে। এময় মানবতার কল্যাণে যিশু খ্রিষ্টের শান্তি ও ভালোবাসার বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
সিলেট প্রেস বিটারিয়ান চার্চের সভাপতি ডিকন নিঝুম সাংমা জানান, দিনব্যাপী অনুষ্ঠানাদির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা ইত্যাদি। সিলেটের প্রেস বিটারিয়ান চার্চে কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। এসময় তিনি সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, সিলেট সম্প্রীতির শহর। সব ধর্মের মানুষ মিলে মিশে এখানে যার যার ধর্মীয় উৎসব উদযাপন করেন। পুলিশের পক্ষ থেকে বড়দিন উপলক্ষে নগরীতে বিশেষভাবে নিরাপত্তা দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
জৈন্তাপুর (সিলেট) নিজস্ব সংবাদদাতা জানান, জৈন্তাপুর উপজেলায় নানা আয়োজন ও আনুষ্ঠানিকতায় গতকাল বৃহস্পতিবার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন পালিত হয়েছে। প্রতিবছরের মতো এবারও উপজেলার চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে উৎসবের রঙে লাল, নীল ও সবুজ এলইডি লাইটে ঝলমলে করে সাজানো হয়। বড়দিন উপলক্ষে গির্জায় সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ ও দর্শনার্থীরা।
এ সময় চার্চের প্রধান চাষ্টার ফিলিপ সমাদ্দার উপস্থিত খৃষ্টান ধর্মালম্বীদের নিকট যীশু খৃষ্টের শান্তির বানী প্রচার করতে থাকেন। পরে সম্মিলিত ভাবে সকলে সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে যীশু খৃষ্টের জন্মদিন ও বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। দিনটি উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে উপজেলার শুক্রবারী বাজারস্থ চিকনাগুল প্রেসবিটারিয়ান চার্চে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় আসেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
এসময় চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি চার্চে উপস্থিত খৃষ্টান ধর্মালম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ উছমান গনি, মাইকেল কুমার শর্মা, এলবার্ট বিশ্বাস, ফিলিমন বিশ্বাস, এডু বিশ্বাস প্রমুখ।
এদিকে শুভ বড়দিন উপলক্ষে জৈন্তাপুর উপজেলার মোট তিনটি চার্চে আনন্দঘন পরিবেশে উপাসনার মধ্য দিয়ে খৃষ্টান ধর্মাবলম্বীরা বড়দিন উদযাপন করেছেন বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।
তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা জানান, তাহিরপুর সীমান্ত এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ বড়দিন উদযাপিত হয়েছে। এ সময় মানবতার কল্যাণে যিশু খ্রিস্টের শান্তি ও ভালোবাসার বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রার্থনা করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বড়দিন উপলক্ষে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক উত্তর বড়দল ইউনিয়নের রাজাই, কড়ইগড়া ও বারেকটিলা এলাকার প্রেসবিটারিয়ান চার্চ পরিদর্শন করেন।
এ সময় তিনি সেখানে উপস্থিত খ্রিস্টান ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, এম. এ. রাজ্জাক, কামাল হোসেন রাফী, আবির হাসান মানিক, সাবেক ওয়ার্ড সদস্য সুষমা জাম্বিল, মিঠুন, মাহিবুর রহমান প্রমুখ।




