সিলেটে অবৈধ ভারতীয় কম্বলসহ আটক-৩
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৬:৩২:৪২ অপরাহ্ন
সিলেটে ১২১ পিস অবৈধ ভারতীয় কম্বলসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ সদরের মৃত আব্দুস সালামের ছেলে মো. সোহাগ হোসেন (২৯), হবিগঞ্জ সদরের মো. মাসুক মিয়ার ছেলে মো. জনি মিয়া (২২) এবং নরসিংদী সদরের আমজাদ হোসেনের ছেলে মো. আসিফ মিয়া (২০)।
পুলিশ জানায়, সোমবার রাতে সিলেটের শাহ পরান (রহ.) থানাধীন সিলেট তামাবিল মহাসড়কস্থ বটেশ্বর জালালাবাদ বোর্ড ক্যান্টনমেন্ট স্কুলের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে একটি যাত্রীবাহী বাস থেকে সর্বমোট ১২১ পিস অবৈধ ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮৪ হাজার টাকা।
মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আসামীদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।




