জৈন্তাপুর দু’টি ক্রাশার মিলে প্রশাসনের অভিযানে জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ জানুয়ারি ২০২৬, ৮:০৫:৩২ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার এলাকায় মোবাইল কোর্টের অভিযানে দু’টি ক্রাশার মিলে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-‘র এই মোবাইল কোর্টে পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। বাংলা বাজার এলাকায় অবস্থিত পাথর ভাঙ্গার মিলগুলোতে পানি ছিটিয়ে ধূলো-বালু নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকায় অতিরিক্ত ধুলাবালিতে এ অঞ্চলের পরিবেশ দূষণ করা হচ্ছে। ফলে আশপাশ এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, পরিবেশ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রতিষ্ঠান যদি নিয়মনীতি না মেনে পরিবেশ দূষণ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা সহ জৈন্তাপুর মডেল থানার পুলিশ সাথে ছিলেন।




