শাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষায় শহীদ আবু সাইদ ও ওসমান হাদিকে নিয়ে প্রশ্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৯:২১:১১ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক, বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত টানা দেড় ঘণ্টা ভর্তি পরীক্ষা কার্যক্রম চলে। দেশের দুইটি বিভাগীয় শহরে বিভিন্ন কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ভর্তি কমিটির সুত্রে জানা যায়, আজ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন মোট ১৮হাজার ২শ ৫২ জন। উপস্থিতির হার ছিল ৮১.৮৭ শতাংশ।
এদিকে ‘বি’ ইউনিটের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) ভর্তি পরীক্ষার প্রশ্নে জুলাইয়ে ছাত্র আন্দোলনের ১ম শহীদ আবু সাঈদ ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান বিন হাদিকে নিয়ে প্রশ্ন করা হয়েছে। ভর্তি পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ‘বি’ ইউনিটের পরীক্ষায় ‘মানবিক ও বাণিজ্য’ শাখার জন্য একরকম প্রশ্ন এবং বিজ্ঞান বিভাগ থেকে মানবিকে পরীক্ষার জন্য ভিন্ন প্রশ্ন করা হয়েছে। এর মধ্যে মানবিক ও বাণিজ্য বিভাগের ৩১ নম্বর সেটের প্রশ্নপত্রে ‘সাধারণ জ্ঞান’ অংশে (বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ অংশ) ৫১ নম্বর প্রশ্ন শহীদ ওসমান বিন হাদিকে নিয়ে করা হয়ে। প্রশ্নে বলা হয়েছে শহীদ ওসমান বিন হাদিকে কোথায় সমাহিত করা হয়েছে? উত্তর অপশনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও ঝালকাঠি, বরিশাল ও সোহরাওয়ার্দী উদ্যান ছিল।
অপরদিকে, ‘বি’ ইউনিটের মানবিক শাখার ৭২ নম্বর প্রশ্নে শহীদ আবু সাইদ কে এই প্রশ্ন করা হয়। সেখানে বলা হয় আবু সাইদ কবে শহীদ হন? উত্তরপত্রে ছিল ১৫, ১৬,১৭,১৮ জুলাই।
রাঙামাটি থেকে শাবিপ্রবিকেন্দ্রে বি ইউনিটের পরীক্ষা দিতে আসেন রবিউল আলম। তিনি বলেন, ‘প্রশ্ন সহজ হয়েছে। অনেক প্রশ্নই কমন পেয়েছি। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ ও আধিপত্যবাদ বিরোধী নেতা শহীদ ওসমান বিন হাদিকে নিয়ে প্রশ্ন আসাতে ভালো লাগল।’
শাবিপ্রবির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি কমিটির সূত্রে জানা যায়, শাবিপ্রবির ভর্তি পরীক্ষা মোট ১০০ নম্বরের। এর মধ্যে প্রশ্নপত্রে ৮০টি প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রতিটি প্রশ্নে মান ১ নম্বর। তবে প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরের জন্য ১ নম্বর কর্তন করা হবে। প্রশ্নের ৮০ নম্বর ছাড়া বাকি ২০ নম্বর এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে।




