আলোর অন্বেষণ বইমেলায় আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
সাহিত্যচর্চা মানবিক মূল্যবোধ গঠনের অন্যতম মাধ্যম : দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ১:০০:৪৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : নগরীর কেমুসাস প্রাঙ্গণে ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা’র পঞ্চম দিনে গতকাল বুধবার বিকেলে আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা, চিকিৎসা ও সমাজসেবামূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, মানব সেবায় নিবেদিত প্রতিষ্ঠান রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী বলেন, শিশু-কিশোরদের মানসিক বিকাশে পড়াশুনার পাশাপাশি কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত করা প্রয়োজন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত হলে শিশু-কিশোররা দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গড়ে উঠতে পারবে। কারণ আগামী দিনের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের শিশু-কিশোরদের ওপর।
অনুষ্ঠানে সিলেটে প্রথম বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত লিডিং ইউনিভার্সিটি ও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান, বরেণ্য শিল্পপতি দানবীর ড. রাগীব আলী আরো বলেন, সাহিত্যচর্চা শুধুমাত্র প্রতিভার বিকাশ নয়, এটি শিশু-কিশোরদের মানবিক মূল্যবোধ ও সমাজবোধ গঠনের অন্যতম মাধ্যম। বর্তমান ডিজিটাল যুগে শিশু-কিশোররা যখন লেখালেখি থেকে দূরে সরে যাচ্ছে, তখন এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সাহিত্য ও সংস্কৃতির প্রতি মানুষকে আগ্রহী করতে ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা’র আয়োজন করায় তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরুর সভাপতিত্বে ও সাজন আহমদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কবি ও গবেষক মোস্তফা আহমদ মুশতাক বলেন, কোমলমতি শিশু-কিশোরদের নিয়ে এমন আয়োজন সাহিত্যচর্চাকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে। এমন মহতি অনুষ্ঠানে দানবীর ড. রাগীব আলীর উপস্থিতি শিশু-কিশোরদের অনুপ্রাণিত করবে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের সচিব ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, লিডিং ইউনিভার্সিটির পরিচালক (অর্থ) মোহাম্মদ কবির আহমদ, কবি ও গবেষক তাবেদার রসুল বকুল, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি, কবি জসিম আল ফাহিম. কবি নিশাত ফাতেমা, কবি মাহফুজ জোহা, কবি কাওসার আরা, কবি শিপারা বেগম, কবি সুয়েজ হোসেন, গীতিকবি বাহা উদ্দিন বাহার, গীতিকার কয়েস আহমদ, ছড়াকার ইলহাম সাদি প্রমুখ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কবি ছয়ফুল আলম পারুল। পরে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের হাতে পুরস্কার তুলে দেন।
সভাপতির বক্তব্যে কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু বলেন, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় এক সময় সিলেট পিছিয়ে থাকলেও এখন সম্ভাবনার দ্বার খুলেছে। সিলেট অঞ্চলের প্রতিযোগীরা সাংস্কৃতিক কর্মকাণ্ডে দেশ-বিদেশে প্রতিভার স্বাক্ষর রাখছে। শিক্ষা ও সংস্কৃতির অন্যতম কর্ণধার দানবীর ড. রাগীব আলীর মতো ব্যক্তিত্বের উপস্থিতি শিশু-কিশোরদের উৎসাহিত করবে বলেও উল্লেখ করেন তিনি। পরে দানবীর ড. রাগীব আলী বইমেলায় রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের স্টলসহ বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
প্রসঙ্গত, নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস প্রাঙ্গণে ১০ দিনব্যাপী ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা শুরু হয়েছে গত শনিবার।




