সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন এক মাস পিছিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ১:২৪:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ বৃহস্পতিবার হচ্ছে না। একমাস পিছিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি ভোটগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে সমিতির ২৪টি পদের বিপরীতে ৫৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিলো। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৬৬৫ জন। আজ বৃহস্পতিবার ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছিলো নির্বাচন কমিশন।
জেলা আইনজীবী সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নির্দেশিত হয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সিলেট এর নির্দেশনার প্রেক্ষিতে গতকাল বুধবার জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ২ নম্বর হলে সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের বখ্ত জুবের এডভোকেট এর নির্দেশনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন সমিতির যুগ্ম সম্পাদক-১ মোঃ অহিদুর রহমান চৌধুরী এডভোকেট ও যুগ্ম সম্পাদক-২ মোঃ রব নেওয়াজ রানা এডভোকেট।
সভায় সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, এ.কে.এম. শমিউল আলম, এ.টি.এম. ফয়েজ উদ্দিন ও অশোক পুরকায়স্থ এবং সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ ও সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর, কার্যনির্বাহী কমিটির সদস্য আশিক উদ্দিন আশুক সহ সিনিয়র নেতৃবৃন্দ মতামত দেন।
পরে সমিতির সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) জানান, যেহেতু আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেহেতু আহুত পরিস্থিতি বিবেচনায় সিলেট জেলা আইনজীবী সমিতির সংবিধানের আলোকে সমিতির বার্ষিক নির্বাচন ১৫ জানুয়ারির পরিবর্তে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এবং বার্ষিক সাধারণ সভা ২১ জানুয়ারির পরিবর্তে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদকাল ২১ জানুয়ারি ২০২৬ হতে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বহাল থাকার সিদ্ধান্ত প্রদান করা হয়।




