নিবন্ধিত ট্রাভেল এজেন্সি মালিকদের মতবিনিময়
‘ট্রাভেল শিল্পের সংকট সমাধানে সরকারকে এগিয়ে আসতে হবে’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৬, ১:২৮:৫৩ অপরাহ্ন
ট্রাভেল এজেন্সি সমূহের বিদ্যমান সংকট কাটাতে সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নিবন্ধিত ট্রাভেল এজেন্সির প্রতিনিধিরা। তারা বলছেন, বিদ্যমান সংকট কাটানো না গেলে এ শিল্পের সংকট আরো ঘনীভূত হবে। তারা বলেন, ট্রাভেল সেক্টরে শৃংখলা ফিরিয়ে আনার বিরোধী নন তারা। সাম্প্রতিককালে এ সেক্টরের জন্য যেসব বিধি-বিধান আরোপ করা হচ্ছে-তা মোটেও ব্যবসাবান্ধব নয়। তারা আরো বলেন, সিন্ডিকেটের কাছে এ খাত কোনভাবে জিম্মি থাকতে পারে না। সিন্ডিকেটের সাথে সাধারণ ট্রাভেল এজেন্সিরও কোন সম্পৃক্ততা নেই। কাজে শৃঙ্খলার জন্য সবার আগে সিন্ডিকেট ভাঙতে হবে। অভ্যন্তরীণ টিকেটের উচ্চমূল্য কমানোর দাবিও তাদের।
সোমবার সিলেট নগরের একটি অভিজাত হোটেলের হল রুমে ‘ট্রাভেল ট্রেডের বর্তমান সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নিবন্ধিত ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী সিলেট অঞ্চলের আহবায়ক আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে আটাব সিলেট অঞ্চলের সাধারণত সম্পাদক দেওয়ান রুশো চৌধুরীর পরিচালনায় এতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুস সালাম আরেফ ও সাবেক কেন্দ্রীয় মহাসচিব আসফিয়া জান্নাত সালেহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে আরো বক্তব্য রাখেন- হাব সিলেট অঞ্চল সভাপতি আব্দুল হক, আটাব-এর সাবেক সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান হিরু,শাহ আলম কবির স্বত্বাধিকারী মিডওয়ে এয়ার, ঢাকা, মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক ভাইস চেয়ারম্যান আটাব ঢাকা অঞ্চল, মাহমুদুল হাসান সিদ্দিকি সাবেক অর্থ সচিব আটাব ঢাকা অঞ্চল, আটাব সিলেট অঞ্চলের সাবেক সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান, সাবেক সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, নিউ মডার্ণ ট্রাভেলসের তৈমুর রহমান নানু, তাজ এয়ারের স্বত্বাধিকারী তাজ উদ্দিন, রাহাত ট্রেড এন্ড সিণ্ডিকেটের স্বত্বাধিকারী এখলাছুর রহমান , রংমহল টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি হাফিজ সুলতান আহমদ খান, শাহজালাল ট্রাভেলসের স্বত্বাধিকারী মোজাম্মেল হোসেন রুবেল, জামিল ট্রেড এন্ড ট্যুরসের স্বত্বাধিকারী আব্দুল বাসিত প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন- আটাব সিলেট জোনের সাবেক সাধারণ সম্পাদক ও হাব সিলেট অঞ্চলের বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল কাদির। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আম্বরখানা বরকতিয়া সুপার মার্কেটের সভাপতি ও আটাব সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিষদের সদস্য সিরাজ উদ্দিন।-বিজ্ঞপ্তি।




