খুলনায় অপহৃত স্কুলছাত্রী সিলেটে উদ্ধার, অপহরণকারী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ২:১৭:২৯ অপরাহ্ন
ডাক ডেস্ক : খুলনা জেলার খানজাহান আলী থানা এলাকা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে র্যাব। সিলেট র্যাব-৯ এর একটি দল গত বুধবার রাত সাড়ে ৯টায় সিলেটের দক্ষিণ সুরমার কায়স্তরাইল এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম স্কুল ছাত্রীকে উদ্ধার করে। এসময় অপহরণকারী মোঃ সোহাগ মিয়া (২৯) কে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। অপহরণকারী সোহাগ মিয়া ছাতক উপজেলার ছনখাইর গ্রামের মো. নুর ইসলামের ছেলে।
জানা যায়, খুলনার ফুলবাড়ীগেইট ইউসেফ স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী ভিকটিম স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে অপহৃত হয়। নির্ধারিত সময়ে বাড়ি না আসায় ভিকটিমের পিতা খোঁজাখুঁজি শুরু করেন। এসময় জানতে পারেন ফুলবাড়ীগেইট বাসস্ট্যান্ড থেকে জোরপূর্বক একটি সিএনজিযোগে ভিকটিমকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার থানায় মামলা দায়ের করলে র্যাব তদন্ত শুরু করে। গত বুধবার সিলেট থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।




