শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এসআইইউ কাজ করছে- প্রফেসর ড. মো. আশরাফুল আলম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্প্রিং ২০২৬ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০২৬, ৬:৪৪:২৪ অপরাহ্ন
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্প্রিং- ২০২৬ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম।
এসময় তিনি বলেন, পাঠদানে আধুনিকতা এবং নতুন গবেষণার দ্বার উন্মোচন করে সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে এসআইইউ। নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, নগরের প্রাণকেন্দ্রে অথচ নাগরিক কোলাহল মুক্ত পরিবেশে এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একবিংশ শতাব্দীর উপযোগী করে গড়ে তুলতে নিরলস কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু পাঠ্যক্রমে সীমাবদ্ধ নয়, প্রতিদিনকার জীবন থেকেও শিক্ষা নিতে হবে।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আহবায়ক এবং আইন অনুষদের ডিন অধ্যাপক মো. তোতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ।
এছাড়াও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মো. শামসুল আলম, মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন, সহযোগী অধ্যাপক খালেদ হোসেন।
ইংরেজি বিভাগের প্রভাষক অনামিকা সাহার উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও স্বাতী রানী দেবনাথ। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রধান ও নবীণ শিক্ষার্থীদের পক্ষ থেকেও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করা হয়।
বক্তারা, নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, বিভিন্ন সুযোগ,সুবিধা ইত্যাদি তুলে ধরেন।
এর আগে নবীন শিক্ষার্থীদের ফুল এবং উপহার দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে স্প্রিং ২০২৬ সেশনে ভর্তিকৃত ইংরেজি,ব্যবসায় প্রশাসন, সিএসই এবং আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়।



