সুনামগঞ্জে ৪৫১টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪০:০২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি ॥ সিসিটিভির আওতায় আসছে সুনামগঞ্জের ৪৭০টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র। সুনামগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, দুর্গম ও দূরত্ব অনুযায়ী অধিকতর গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করে এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে সবমিলিয়ে ৭২০টি ভোটকেন্দ্র রয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এদিকে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হবে বাড়তি নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি। বডি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র নজরদারি করবে পুলিশ। এছাড়াও নির্বাচনী পরিবেশে সুষ্ঠু ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর পাশাপাশি কাজ করবে পুলিশ, র্যাব,বিজিবি, আনসারসহ গোয়েন্দা সংস্থা।
জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ও ভোটের কার্যক্রম নজরদারি করতে জেলার দুর্গম ৪৫১টি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। ইতোমধ্যে জেলার দুর্গম ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আমরা বদ্ধপরিকর। ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর অধিক গুরুত্ব দেয়া হচ্ছে। যাতায়াতের দূরত্ব অনুযায়ি ভোটকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। যাতে দায়িত্বশীলরা এক স্থানে বসে মনিটরিং করতে পারেন এবং তাৎক্ষণিক পদক্ষেপ নিতে পারেন
নির্বাচনকালীন সময়ে দায়িত্বপালন করতে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলাবাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে। সকল ধরনের নাশকতা এড়াতে পুলিশের গায়ে বডি ক্যামেরা স্থাপন স্থাপন করার কথা জানিয়েছেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন।
গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, অন্যান্য যেকোনো নির্বাচনের চেয়ে এই নির্বাচন ব্যতিক্রম। পুলিশকে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। অবাধ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সমুন্নত রাখতে পুলিশ তার সর্বোচ্চ চেষ্টা করবে। বডি ক্যামেরার মাধ্যমে ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করবে।
এদিকে, ভোটগ্রহণের আগে ও পরে নির্বাচন এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি। বিশেষ করে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে দেশের এই সীমান্তরক্ষাকারী বাহিনী। অনুপ্রবেশ,চোরাচালান, ও নাশকতা এড়াতে জেলা ব্যাপী ২৪ প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি নির্বাচনী এলাকা ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারির করার কথা জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক জাকারিয়া কাদির।




