সিলেট-৬ আসনে ১০ হাজার ৮৭৫ ভোট বেশি পেয়ে এমরান চৌধুরী বিজয়ী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৩:১৩:০৫ অপরাহ্ন
ডাক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ১০ হাজার ৮৭৫ ভোট বেশি পেয়ে জামায়াতের প্রার্থী সেলিম উদ্দিনকে পরাজিত করেছেন।
এমরান আহমদ চৌধুরীর প্রাপ্ত ভোট ১ লাখ ৯ হাজার ৯১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের মো. সেলিম উদ্দিন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৬৯ ভোট।
বিজয়স্নাত মুহূর্তে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রথমেই আল্লাহ তাআলার প্রতি সীমাহীন শুকরিয়া জানাচ্ছি। কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মূল অভিভাবক, সদ্য মরহুমা বেগম খালেদা জিয়া ও চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি। সর্বোপরি সকল ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর প্রতি। যারা নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়ে তাকে বিজয়ী করেছেন।
তিনি আরও বলেন- এবার শুধু গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের উন্নয়ন-ভাবনা। আমরা সবাই মিলেই এই দুই উপজেলাকে সুখি-সমৃদ্ধ করবো ইনশা আল্লাহ। তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



