পুলিশের ওপর সশস্ত্র হামলা করে দিরাইয়ে পলাতক আসামি ছিনতাই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২০:১৩ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ- সুনামগঞ্জের দিরাইয়ে পলাতক আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপর সশস্ত্র হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হুসেনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
হামলায় আহত হয়েছেন দিরাই থানার এ এসআই বিল্লাল ও এ এসআই হেলাল আহমেদ। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানান আবাসিক মেডিকেল অফিসার প্রশান্ত কুমার দাস।
স্থানীয় সূত্রে জানা যায়, পলাতক আসামি সাজ্জাদকে গ্রেফতার করতে সোমবার দুপুরে উপজেলার জগদল ইউনিয়নের হুসেনপুর গ্রামে অভিযানে চালায় দিরাই থানা পুলিশ। অভিযানে আসামি সাজ্জাদকে গ্রেপ্তার করে হাতকড়া পরালে একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর সশস্ত্র হামলা চালায়। একপর্যায়ে ধস্তাধস্তি করে তারা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
আসামি ছিনতাইয়ের পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকদের সহযোগিতায় ছিনিয়ে নেওয়া সরকারি সম্পদ ‘হাতকড়া’ উদ্ধার করতে সক্ষম হলেও পলাতক রয়েছে দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করতে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরীকে একাধিকবার ফোন দিয়েও তাঁকে পাওয়া যায়নি।




