বিএনপি জনগণের দল- জৈন্তাপুরে পানিসম্পদ মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৫:২৬:৩০ অপরাহ্ন
জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি জনগণের দল, জনগণের কল্যাণে সরকার পরিচালিত করে। পানিসম্পদ মন্ত্রণালয় দেশের জনগুরুত্বপূর্ণ কাজ করে থাকে। খাল খনন করে বেড়িঁবাধ নির্মাণ হলে মৎস্য চাষাবাদ, শাক-সবজি উৎপাদন করা সহজ হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন জনপ্রিয় একজন নেতা। ক্ষমতায় এসে তিনি খাল খনন কর্মসুচি গ্রহন করে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির চেষ্টা চালান। তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাত্র দশ দিনের মাথায় তিনি দেশের বিভিন্ন এলাকায় খাল খনন কর্মসুচির দৃশ্যমান কাজ শুরু করেন।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি জৈন্তাপুর উপজেলার বৈঠাখাল এলাকায় খাল খনন কর্মসুচি পরিদর্শন করে উপজেলা হলরুমে আয়োজিত সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ডিবির হাওর লাল শাপলা বিল সংস্কার করে খনন কাজ বাস্তবায়ন করা হলে পর্যটক আকর্ষণ বাড়বে। শীত মৌসুমে খালে পানি সংরক্ষন করে মৎস্য চাষা, সেচ সুবিধা সহ বেড়িবাধেঁর পাশে বৃক্ষরোপন করে প্রান্তিক কৃষকরা অর্থনৈতিক ভাবে এগিয়ে যাবেন।
এসময় উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন, সিলেটের জেলা প্রশাসক সরওয়ার আলম সহ প্রশাসনের কর্মকর্তাগণ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ অনুষ্ঠান পরিচালনা করেন।
সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্ত্রীদ্বয়ে উপজেলা চত্বরে বৃক্ষরোপন এবং সেলাই মেশিন ও টেউটিন বিতরণ করেন।




