সিলেট সার্কিট হাউজে মতবিনিময় সভা
সার্বিক উন্নয়ন, বাজার পরিস্থিতি, নদীভাঙন ও প্রবাসী শ্রমবাজার নিয়ে কথা বললেন ৩ মন্ত্রী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৫:৩৪:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের সার্বিক উন্নয়ন, বাজার পরিস্থিতি, নদীভাঙন ও প্রবাসী শ্রমবাজার নিয়ে কথা বললেন সফররত বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ তিনমন্ত্রী। গতকাল শনিবার সিলেট নগরীর সার্কিট হাউজে অনুষ্ঠিত এই বৈঠককে ঘিরে আশায় বুক বেঁধেছেন সিলেটবাসী। এই বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি ও প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। বৈঠকে সিলেটের সার্বিক উন্নয়ন, বাজার পরিস্থিতি, নদীভাঙন ও প্রবাসী শ্রমবাজারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিন মন্ত্রী।
খন্দকার আব্দুল মুক্তাদির:
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ঈদের আগেই শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি ও বেতন পরিশোধ করা হবে বলে জানান। তিনি বলেন, শ্রমিকদের পাওনা নিয়ে যেন কোনো অনিশ্চয়তা না থাকে, সে বিষয়ে সরকার নজরদারি করছে।
মন্ত্রী জানান, স্বল্পোন্নত দেশ (এলডিসি) উত্তরণের পর সম্ভাব্য বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার আগাম প্রস্তুতি নিচ্ছে। মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের উদ্যোগের অংশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সঙ্গেও একই ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। তাঁর ভাষ্য, রপ্তানি প্রতিযোগিতা ধরে রাখতে ও বাজার বহুমুখীকরণে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি:
আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে সিলেট অঞ্চলে নদী ও খাল খনন, হাওররক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজ চলছে বলে জানিয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ কাজে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না; সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। দেশকে দুর্নীতিমুক্ত করা সরকারের বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।
পানিসম্পদ মন্ত্রী বলেন, পাহাড়ি অঞ্চলের কারণে সিলেট এলাকায় প্রায়ই উজান থেকে ঢলের পানি নেমে আসে। এ কারণে বর্ষা মৌসুমে বন্যা পরিস্থিতি তৈরি হয়, যা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় চলমান প্রকল্পগুলোর পাশাপাশি নতুন প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে। যৌথ নদী কমিশনেও বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে। দ্রুত বাস্তবায়নযোগ্য কাজগুলো অগ্রাধিকার ভিত্তিতে সম্পন্ন করা হবে বলে জানান তিনি।
আরিফুল হক চৌধুরী:
প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বন্ধ থাকা বিভিন্ন শ্রমবাজার পুনরায় চালু করতে সরকার কাজ করছে। আগামী এক মাসের মধ্যেই এ বিষয়ে ইতিবাচক ফল পাওয়া যাবে। এসময় আরিফুল হক আরও বলেন, স্পেনে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিদের পাসপোর্ট ও পুলিশ ক্লিয়ারেন্স যথাসময়ে পৌঁছে দেওয়ার বিষয়েও সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানান মন্ত্রী।




