হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে ১২ হাজার নারীর কর্মসংস্থান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৫:৪৭:১৯ অপরাহ্ন
হবিগঞ্জ জেলা প্রতিনিধি : দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় ১২ হাজার নারীর কর্মসংস্থান সৃষ্টি করা হয়েছে। ফলে হবিগঞ্জ ও আশেপাশের অঞ্চলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থানে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
গতকাল শনিবার হবিগঞ্জের একটি হোটেলে নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল।
হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের চিফ প্লান্ট অফিসার দীপক কুমার দেব বলেন, আমাদের শিল্পপার্কটি শুধু নারীদের কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি করছে না, বরং নিয়মিত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও প্রমোশনের সমান সুযোগ দিচ্ছে।
তিনি জানান, এ শিল্পপার্কে কর্মরত নারী কর্মীদের প্রায় ৮০ শতাংশই স্থানীয়। বাকিরা সিলেট, মৌলভীবাজারসহ আশেপাশের জেলা থেকে এসেছেন।
উল্লেখ্য, হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণ-আরএফএল গ্রুপের অন্যতম বৃহৎ একটি শিল্পপার্ক। প্রায় ১১০০ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত শিল্পপার্কটিতে বর্তমানে ৫০ ধরনের বেশি পণ্য তৈরি হচ্ছে। যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্যপণ্য, প্লাস্টিক হাউজহোল্ড পণ্য, পার্সোনাল কেয়ার, হালকা প্রকৌশল, টেক্সটাইলসহ বিভিন্ন ধরনের পণ্য। অনুষ্ঠানে জেলার সাংবাদকিবৃন্দ, প্রাণ আরএফএল গ্রুপ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



