ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৩৫ ফ্লাইটের শিডিউল বিপর্যয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৬:০৮:৫৫ অপরাহ্ন
মোহাম্মদ সিরাজুল ইসলাম :
ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ৩৫টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। এ অবস্থায় আটকে পড়া যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার কথা বলেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রাতে এ প্রতিবেদকের সাথে আলাপকালে আরিফুল হক চৌধুরী জানান, আটকে পড়া যাত্রীদের নিরাপদে বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। হোটেলে তাদের জন্য সেহরীর ব্যবস্থা করা হয়েছে। কনফার্ম ফ্লাইট যাদের রয়েছে-তাদের পরিবহনের জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। এজন্য স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে। ঢাকা এয়ারপোর্টে মধ্যপ্রাচ্যগামী আটকে পড়া ৫৩ জন যাত্রীর সকলেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার। তাদের এসি বাসে করে সিলেটে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
প্রবাসী কল্যাণ মন্ত্রী গত বৃহস্পতিবার থেকে সিলেট সফরে ছিলেন। আজ রোববার ও আগামীকাল সোমবারও সিলেটে তার বিভিন্ন কর্মসূচি ছিল। কিন্তু, ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে মন্ত্রী সকল নির্ধারিত প্রোগ্রাম বাতিল করে শনিবার রাত ৯টা ৪০ মিনিটের ফ্লাইটে চলে যান ঢাকায়। রাত সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছে তিনি আটকে পড়া যাত্রীদের খোঁজখবর নিতে শুরু করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে তার কাছ থেকে যাত্রীদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চান। জবাবে আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীকে জানান, তিনি যাত্রীদের খোঁজ খবর নিতে হোটেলে হোটেলে যাচ্ছেন।
রাত ১টা ৩৭ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত আরিফুল হক চৌধুরী ঢাকা এয়ারপোর্ট থেকে এ প্রতিবেদককে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী তিনি কাজ করছেন। এ নিয়ে পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছাড়াও কাতার, বাহরাইন ও কুয়েতের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছেন।
যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণেই যে সরকার অগ্রাধিকার দিচ্ছে, সে বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত তাদের যাত্রা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় অব্যাহত রয়েছে।”
দাম্মাম, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইনসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত হওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক ওমরাহ যাত্রীও আটকে পড়েছেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম জানান, প্রবাসী মন্ত্রী পরিদর্শন করে পরিস্থিতি সম্পর্কে অবগত হন। আটকে পড়া যাত্রীদের উদ্বেগের কথা শোনেন এবং এই কঠিন সময়ে সরকার তাদের পাশে রয়েছে বলে তাদেরকে আশ্বস্ত করেন।
রাত ৮টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে জানানো হয়, আটকে পড়া যাত্রীদের রাতযাপনের ব্যবস্থা করা হয়েছে।
এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) সিলেট জোনের সাবেক সভাপতি জিয়াউর রহমান খান রেজওয়ান জানান, শিডিউল বিপর্যয়ের কারণে বিদেশী এয়ারলাইন্সগুলো ক্ষতি পুষাতে পারলেও বিমানের জন্য তা মেইনটেইন করা কঠিন হবে। আজ রোববারও ফ্লাইট শিডিউল বন্ধ রাখার মেইল দেয়া হয়েছে বলে জানান তিনি।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আকাশপথ ও আকাশসীমা সাময়িকভাবে বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাংলাদেশি কর্মীদের যাতায়াত ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার ইতোমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোকে অনুরোধ জানিয়েছে, যাতে পরিস্থিতির উন্নতি ঘটলে মধ্যপ্রাচ্যে যেতে আগ্রহী এবং বর্তমানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।
কয়েকটি দেশ এক্ষেত্রে ইতিবাচক আশ্বাস দিয়েছে জানিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় বলেছে, “বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেশের বিভিন্ন বিমানবন্দরে অবস্থানরত কর্মীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে এবং মধ্যপ্রাচ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে, যাতে উদ্বেগ নিরসন করা যায়।”
তেহরানে বাংলাদেশ মিশনের স্থাপনা, কূটনীতিক ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরুর কথাও বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, “মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বাতিল হওয়ায় সম্মানিত যাত্রীদের অপ্রত্যাশিত অসুবিধা সৃষ্টি হয়েছে। যে সকল যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে, তাদের রাত্রিযাপন সুবিধা প্রদান করা হবে। এজন্য প্রবাসী কল্যাণ ডেস্ক অথবা লাউঞ্জ-এ যোগাযোগ করার জন্য যাত্রীদেরকে অনুরোধ করা হল।”
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা-পাল্টা হামলার ঘটনায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
গতকাল শনিবার এক বার্তায় বেবিচক জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপাতত ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত থাকবে।
যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনার টেবিল থেকে সরাসরি যুদ্ধ শুরু করেছে ইসরাইল। মাত্র ৯ মাসের মাথায় গতকাল শনিবার ভোরে তেহরানে আবারও হামলা চালায় নেতানিয়াহু সরকার।
ইরানে সরকারবিরোধী আন্দোলনসহ নানাভাবে ইরানের শাসক পরিবর্তনের চেষ্টা চালানোরও অভিযোগ ওঠে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে। তা ব্যর্থ হলেও নতুন করে সংঘাত শুরু করলো দেশ দুটি। এ পরিস্থিতিতে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।



