বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী, তদারকিতে আরিফুল হক চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৬:৩৪:৩০ অপরাহ্ন
অনলইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধাবস্থা ও চরম উত্তজনা বিরাজ করায় বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের বিমান চলাচল স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন, যাদের মধ্যে বড় একটি অংশ মধ্যপ্রাচ্যগামী প্রবাসী এবং ইউরোপ-আমেরিকার কানেক্টিং ফ্লাইটের যাত্রী।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টায় বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের খোঁজখবর নিতে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি যাত্রীদের সমস্যার কথা শোনেন এবং তাদের সহায়তায় নেওয়া পদক্ষেপগুলো তদারকি করেন।
সংবাদ সম্মেলন চলাকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দরের বর্তমান পরিস্থিতি এবং যাত্রীদের ভোগান্তি সম্পর্কে জানতে চান। মন্ত্রী তাকে আশ্বস্ত করে জানান যে, মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের থাকার ও খাওয়ার ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার বিষয়টি আরিফুল হক নিজেই নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী বিমানবন্দরের যাত্রীদের পরিস্থিতি জানতে চাইলে আরিফুল হক চৌধুরী তাকে জানান, আমরা সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতনরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করেছি। আমাদের মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৫০ জন যাত্রী থাকার ব্যবস্থা করা হয়েছে। সিভিল এভিয়েশন আরও ৮০০ জনের থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে।
ফোনে তিনি আরও বলেন, ওমানের মাস্কাটের ফ্লাইটের জন্য ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসেছিলেন। তাদের ফ্লাইট বাতিল হয়েছে। তাদের হোটেলে পাঠানো হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল তাদের একটি এসি বাসে সিলেটে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।
ইরান যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ৩৫টি ফ্লাইটের শিডিউল বিপর্যয় হয়েছে। এ অবস্থায় আটকে পড়া যাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের পাশে থাকার কথা বলেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
গতরাতে সিলেটের ডাকের সাথে আলাপকালে আরিফুল হক চৌধুরী জানান, আটকে পড়া যাত্রীদের নিরাপদে বিভিন্ন হোটেলে নিয়ে যাওয়া হচ্ছে। হোটেলে তাদের জন্য সেহরীর ব্যবস্থা করা হয়েছে। কনফার্ম ফ্লাইট যাদের রয়েছে-তাদের পরিবহনের জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে। এজন্য স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে। ঢাকা এয়ারপোর্টে মধ্যপ্রাচ্যগামী আটকে পড়া ৫৩ জন যাত্রীর সকলেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার। তাদের এসি বাসে করে সিলেটে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানান তিনি।
প্রবাসী কল্যাণ মন্ত্রী গত বৃহস্পতিবার থেকে সিলেট সফরে ছিলেন। আজ রোববার ও আগামীকাল সোমবারও সিলেটে তার বিভিন্ন কর্মসূচি ছিল। কিন্তু, ইরানের যুদ্ধ পরিস্থিতির কারণে মন্ত্রী সকল নির্ধারিত প্রোগ্রাম বাতিল করে শনিবার রাত ৯টা ৪০ মিনিটের ফ্লাইটে চলে যান ঢাকায়। রাত সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছে তিনি আটকে পড়া যাত্রীদের খোঁজখবর নিতে শুরু করেন। এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে তার কাছ থেকে যাত্রীদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চান। জবাবে আরিফুল হক চৌধুরী প্রধানমন্ত্রীকে জানান, তিনি যাত্রীদের খোঁজ খবর নিতে হোটেলে হোটেলে যাচ্ছেন।
রাত ১টা ৩৭ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত আরিফুল হক চৌধুরী ঢাকা এয়ারপোর্ট থেকে এ প্রতিবেদককে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক দিকনির্দেশনা অনুযায়ী তিনি কাজ করছেন। এ নিয়ে পররাষ্ট্র, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ছাড়াও কাতার, বাহরাইন ও কুয়েতের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছেন।
যাত্রীদের নিরাপত্তা ও কল্যাণেই যে সরকার অগ্রাধিকার দিচ্ছে, সে বিষয়ে আশ্বস্ত করে তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হলে দ্রুত তাদের যাত্রা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় অব্যাহত রয়েছে।”
দাম্মাম, কুয়েত, দুবাই, আবুধাবি, দোহা, বাহরাইনসহ বিভিন্ন গন্তব্যের ফ্লাইট স্থগিত হওয়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনেক ওমরাহ যাত্রীও আটকে পড়েছেন।



