শাবিপ্রবিতে চাইনিজ বর্ষবরণ উদযাপিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৮:৫২:৪৩ অপরাহ্ন
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাইনিজ কর্ণারের উদ্যোগে চাইনিজ বর্ষবরণ উদযাপিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে চাইনিজ কর্ণারের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন ও গেস্ট অব অনার হিসেবে ভার্চুয়ালি ঢাকাস্থ চাইনিজ দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপিং অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন চাইনিজ কর্ণারের সমন্বয়ক অধ্যাপক ড. মো. সাহাবুল হক।
অনুষ্ঠানে বক্তারা চায়নার সাথে বাংলাদেশের সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন এবং বিশ্ববিদ্যালয়ে চাইনিজ কর্ণারের কার্যক্রমের প্রশংসা করেন।
এসময় প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, চায়না ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক শত বছরের। বাংলাদেশের বিভিন্ন প্রয়োজনে চায়না বন্ধুর মতো পাশে দাঁড়াচ্ছে। আমাদের দেশ থেকে প্রতিবছর অনেক শিক্ষার্থী চায়নায় উচ্চশিক্ষা নিতে যাচ্ছে এবং নিজেদের প্রযুক্তিগত দিক দিয়ে আরো উন্নত করছে। এটি আমাদের জন্য খুশির খবর। এ ধারাবাহিকতা অব্যাহত থাকুক এবং চায়না বাংলাদেশের সম্পর্ক আরো উন্নত হোক এ প্রত্যাশা করছি।
চায়নার দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপিং বলেন, বাংলাদেশ চায়নার অন্যতম বন্ধুরাষ্ট্র। বাংলাদেশের সুখে দুঃখে চায়না সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে এ দুটি দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে বলে আশা রাখছি।
অনুষ্ঠান শেষে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।



