মির্জা আব্বাস অসুস্থ, এভারকেয়ার হাসপাতালে ভর্তি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৫:৫৬:৪৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা, সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মির্জা আব্বাসের পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ইফতারের সময় তিনি হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জা আব্বাসের স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস তাঁর স্বামীর সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে গতকাল বৃহস্পতিবার বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মির্জা আব্বাস বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দ্রুত সুস্থতার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করা হয়েছে।
তাছাড়া প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের কাছে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।
কেন্দ্রীয় প্রচার বিভাগের জ্যেষ্ঠ প্রচার-সহকারী মুজিবুল আলম বলেন, জামায়াতের আমির মির্জা আব্বাসের সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেছেন।
শফিকুর রহমানের সঙ্গে ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানার সভাপতি এসএম খালিদুজ্জামান উপস্থিত ছিলেন।


