সিলেটের কোথায় কখন ঈদ জামাত? জেনে নিন-
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৬, ৭:৪৮:১০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মহানগরী ও এর আশপাশ এলাকার পবিত্র ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ইতোমধ্যে ঈদগাহ, ঈদগাহ ময়দান ও জামে মসজিদ প্রাঙ্গণ সমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে।
এছাড়া, সুশৃঙ্খলভাবে জামাতে নামাজ আদায়ের জন্য সংশ্লিষ্ট ঈদগাহ ও মসজিদ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। নিচে বিভিন্ন ঈদগাহ, ঈদগাহ ময়দান, মাদ্রাসা ময়দান ও জামে মসজিদের ঈদ জামাতের সময়সূচি দেয়া হলো-
শাহী ঈদগাহ ময়দান : সিলেট মহানগরীতে প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমদ। বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমেদ খান।
প্রধান এই ঈদ জামাতে সিলেটের দুই মন্ত্রী-বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, নগরীর বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটবে বলে ধারণা করা হচ্ছে।
দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ : হযরত শাহজালাল (র.) এর মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন হযরত মাওলানা আসজাদ আহমদ।
দরগাহে হযরত শাহপরাণ (রহ.) জামে মসজিদ ঃ হযরত শাহপরাণ রহ. মাজার মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট আলিয়া মাঠ : সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।
কালেক্টরেট মসজিদ : নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭ টায়। জামাতে ইমামতি করেবন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।
কুদরত উল্লাহ জামে মসজিদ : নগরীর বন্দরবাজারস্থ ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।
খাসদবীর মাদ্রাসা : নগরীর জামেয়া মদীনাতুল উলুম খাসদবীর মাদ্রাসায় ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
সিলাম শাহী ঈদগাহ : দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় অনুষ্ঠিত হবে। এছাড়া, কাজিরবাজার মখন জামে মসজিদে সকাল সোয়া ৯টায়, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।




