শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৬, ৮:৩৬:৫৫ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যার কারণে আগামীকাল শুক্রবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) সারা দেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। বৈঠক শেষে তিনি আনুষ্ঠানিকভাবে জানান, দেশের কোথাও ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি।
হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে মাস ২৯ বা ৩০ দিনে হয়ে থাকে। আজ ২৯ রমজান শেষে চাঁদ দেখা না যাওয়ায় নিয়ম অনুযায়ী রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে। এক মাস সিয়াম সাধনার পর শনিবার শাওয়াল মাসের প্রথম দিনে মুসলমানরা তাঁদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপন করবেন।




