শিলাবৃষ্টিতে কমলগঞ্জের কানিহাঁটি চা-বাগানে অর্ধশতাধিক শ্রমিকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ মার্চ ২০২৬, ১১:৩০:৪৩ অপরাহ্ন
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ থেকে : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কানিহাঁটি চা-বাগানে আকস্মিক শিলাবৃষ্টিতে চা-শ্রমিকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বড় আকারের শিলার আঘাতে টিনের চাল ফুটো হয়ে প্রায় অর্ধশতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বৃষ্টির পানি ঘরে ঢুকে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমিক পরিবারগুলো।
বুধবার দিবাগত রাতে প্রায় ৩০ মিনিট ধরে চলা শিলাবৃষ্টিতে কানিহাঁটি চা-বাগানসহ আশপাশের এলাকা ক্ষতিগ্রস্ত হয়। শিলার আঘাতে ঘরের টিনের চাল ফুটো হয়ে যাওয়ায় অনেক পরিবারের ঘরে পানি ঢুকে পড়ে।
ক্ষতিগ্রস্ত চা-শ্রমিকরা জানান, শিলাবৃষ্টির সময় বড় বড় শিলা পড়ে ঘরের টিন ভেঙে দেয়। এতে বৃষ্টির পানি সরাসরি ঘরে ঢুকে পড়ে। তারা বলেন, “আমাদের কাছে চাল মেরামত করার মতো টাকা নেই। এখন আবার বৃষ্টি হলে আরও দুর্ভোগে পড়তে হবে।”
ক্ষতিগ্রস্ত শ্রমিক রিতা মিন্ডা ও নৃত্য লাল মৃধা জানান, শিলার আঘাতে তাদের ঘরের অধিকাংশ টিন নষ্ট হয়ে গেছে। শুধু তাদের নয়, বাগানের প্রায় সব শ্রমিকের ঘরই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শমশেরনগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও চা শ্রমিক নেতা সীতারাম বিন বলেন, “আমার নিজের ঘরের চালও শিলায় ফুটো হয়ে গেছে। বাগানের অনেক শ্রমিকের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দ্রুত সহায়তা করা জরুরি।”
এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, “বিষয়টি এখন জেনেছি। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”
স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য সরকারি ও বেসরকারি সহায়তার দাবি জানিয়েছেন।



