ঈদের দিন সিলেটের আবহাওয়া কেমন থাকবে?
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৬, ২:১৬:১৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : দিন পেরোলেই কাল পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস রমজানের সিয়াম সাধনার পর ঈদের আনন্দ কাটাতে প্রস্তুতি সেরে ফেলেছেন অনেকে। চৈত্র মাসের এই সময়ে অনেকে আবার কর্মস্থল ছেড়ে নাড়ির টানে বাড়ির পথে। সবার ভাবনায় আছে- ঝড়বৃষ্টির মৌসুমে ঈদের দিনটি কেমন কাটবে।
তবে ঈদের দিন সারা দেশে কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
ঈদের দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর রাতের বেলা তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা গণমাধ্যমকে বলেন, ঈদের দিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন বর্ষা-পূর্ববর্তী সময়। বছরের এই সময়টাতে সাধারণত কালবৈশাখীসহ বৃষ্টি হয়ে থাকে। এর সঙ্গে বজ্রপাতও হয়ে থাকে। বছরের প্রথম কালবৈশাখীর আগে দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিও হয়ে থাকে। যেটা কয়েক দিন আগে হয়ে গেছে। আগামীকাল ঈদের দিন সিলেট, সুনামগঞ্জ ও বগুড়া অঞ্চলের দিকে শিলাবৃষ্টি হতে পারে। অবশ্য এর সম্ভাবনা বেশ কম।’



