মাংসের দাম নিয়ে দ্বন্দ্ব: বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ, স্বেচ্ছাসেবক দলের ২ নেতা বহিষ্কার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৬, ৪:১৭:১৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের মদিনা মার্কেটে মাংসের ভাগ ও অতিরিক্ত দামে বিক্রিকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে বহিষ্কার করেছে স্বেচ্ছাসেক দল।
বহিষ্কারের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান। তিনি ফেসবুকে লিখেন- সাংগঠনিক সিদ্ধান্ত। ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়।
জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার যুগ্ম-আহবায়ক আজিজ খান সজিব ও সিলেট মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক রিপন চৌধুরীর মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সজিব খানের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা রিপন চৌধুরীর বাসায় হামলা চালায় এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বলে অভিযোগ করেছেন রিপন চৌধুরী। এ সময় মদিনা মার্কেটে অবস্থিত নর্থ ইস্ট ফিলিং স্টেশন-এ হামলা ও ভাঙচুর চালানো হয়। পাশাপাশি পরিবহন শ্রমিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।
ঘটনার পর রাতে হামলার শিকার রিপন চৌধুরীর বাসা ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী, সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াসাদ আজিম হক আদনান এবং সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কোনো পক্ষ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনার পরে শুক্রবার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগর শাখার যুগ্ম-আহবায়ক আজিজ খান সজিব ও সদস্য গোলাম রব্বানী-কে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক মো. ওসমান গনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে এই বহিষ্করাদেশ দেওয়া হয়। এতে বলা হয়, বহিষ্কৃত নেতৃবৃন্দের কোন ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবেনা। দলের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।



