শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধ পাথরসহ ৩৯ টি ট্রাক্টর ও ৫ জন আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ মার্চ ২০২৬, ৬:০৪:০২ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলা সংলগ্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে অবৈধ পাথরসহ ৩৯ টি ট্রাক্টর ও ৫জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাতে এগুলো আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতকের মৃত সাফী গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী (৩৮), পুরান নোয়াকোটের আছমত আলীর ছেলে ছালিক মিয়া (২০), কোম্পানীগঞ্জের ছনবাড়ীর আজিজুর রহমানের ছেলে মো. বিল্লাল (৩০), নতুন জালিয়ারপাড়ের আব্দুল মতিনের ছেলে মো. মাসুক মিয়া (৩৫), ঢালারপাড়ের মৃত শুক্কুর আলীর স্ত্রী রুপজান (৬৫)।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও বিজিবি কর্তৃক কোম্পানীগঞ্জ থানাধীন ১নং পশ্চিম ইসলামপুর ইউ/পির অন্তর্গত শাহ আরেফিন টিলা এলাকা ও আশপাশ থেকে অবৈধ পাথরবোঝাই ৩৯ টি মাহিন্দ্র ট্রাক্টর এবং ট্রাক্টরে থাকা আনুমানিক ৭ হাজার ঘনফুট পাথর এবং ২৩০ ঘনফুট বালু জব্দ করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার ও ৪৮ বিজিবির মেজর নুরুল হুদার নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, আসামীদের আটক করার সময় কর্তব্যরত পুলিশ সদস্যদের প্রতি সরকারী কাজে বাঁধা প্রদান করে। ট্রাক এবং আসামীরা থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলতেছে।



