মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ এপ্রিল ২০২৬, ২:৫৭:৪৫ অপরাহ্ন
আলমগীর হোসেন রুহেল (অস্ট্রেলিয়া ) সিডনি থেকে : বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক স্কলারস ড. মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ আজহারির অতীতের ব্যাপক নথিপত্র তুলে ধরে এই সপ্তাহের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ককে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়ে চিঠি দেয়। তাদের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজহারীর ভিসা বাতিল করে। এবং আজহারীকে অস্ট্রেলিয়ার ভিসা প্রদান করায় সংসদে বিরোধীদের তোপের মুখে পড়েন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী টনি বার্ক।
আজহারিকে এর আগে যুক্তরাজ্যে প্রবেশে এবং নিজ দেশ বাংলাদেশে প্রকাশ্য সমাবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইসলামিক প্র্যাকটিস ও দাওয়াহ সার্কল (আইপিডিসির) ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ কনভেনশনে অস্ট্রেলিয়ার ব্রিজবেনে অংশগ্রহণ করেন মিজানুর রহমান আজহারী। তার ‘লিগ্যাসি অফ ফেইথ’ সিরিজের অংশ হিসেবে অস্ট্রেলিয়া সফরে আসেন। সোমবার রাতে ব্রিসবেনে তার বক্তৃতা সফর শুরু হয় এবং ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় এ বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল।
সুত্রে জানা গেছে, মঙ্গলবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের ইসলামিক বক্তা আজহারির ভিসা বাতিল করে। তিনি এখন মালয়েশিয়ায় ফেরত যাওয়ার অপেক্ষায় রয়েছেন। বুধবার অস্ট্রেলিয়া লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম বলেন, আজহারির আগমন সম্পর্কে বিভিন্ন সামাজিক গোষ্ঠী তাকে ও অন্যান্য সংসদ সদস্যদের সতর্ক করেছিল। তিনি সিনেটে বলেন, আমি জানি স্বরাষ্ট্র মন্ত্রী নিজেসহ বেশ কয়েকজন সংসদ সদস্য ‘অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ ইন বাংলাদেশ’-সহ বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে বার্তা পেয়েছিলেন। অভিযোগে বলা হয়, ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে দেওয়া এক ধর্মোপদেশে আজহারি বিভিন্ন ইহুদি-বিদ্বেষী ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেন। হলোকস্টের প্রশংসা করেন, ইহুদিদের অমানবিক হিসেবে চিত্রিত করেন এবং শ্রোতাদের তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
লিবারেল সিনেটর আরো বলেন, আলবেনীয় সরকার আজহারিকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেওয়ায় বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। চরমপন্থী কার্যকলাপ এবং ঘৃণা উস্কে দেওয়ার একটি সুপ্রতিষ্ঠিত আন্তর্জাতিক রেকর্ড রয়েছে তার বিরুদ্ধে। আজহারী তার বক্তৃতায় দুঃখজনকভাবে বিশ্বের অন্যান্য অনেক জায়গায় জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন এবং তা প্রমাণিতও হয়েছে। তিনি যুক্তরাজ্যের কথা উল্লেখ করে বলেন, যেখানে হিন্দু-বিরোধী বিদ্বেষ ছড়ানোর উদ্বেগের কারণে ২০২১ সালে আজহারির প্রবেশাধিকার বাতিল করা হয়েছিল। চরমপন্থা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার হুমকির অভিযোগে বাংলাদেশ কর্তৃপক্ষও আজহারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলো। এই ইতিহাস থাকা সত্ত্বেও সরকার আজহারীকে কিভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমোদন দিয়েছে বলে অভিযোগ করেন লিবারেল সিনেটর।
ইসলামিক প্র্যাকটিস এবং দাওয়াহ সার্কেল-এর জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনির হোসাইন জানান, ইসলামিক স্কলারস মিজানুর রহমান আজারীর ভিসা বাতিল হয়েছে। তবে প্রোগ্রাম বাতিল হয়নি। এব্যাপারে আমাদের কমিটির জরুরী সভা ডাকা হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে। তবে প্রোগ্রাম গুলোতে বাংলাদেশি ইসলামিক স্কলারস শায়খ আহমাদুল্লাহ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।




