সিলেটে কলেজ শিক্ষকের ছেলের গলায় ছুরি ধরে ছিনতাই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ এপ্রিল ২০২৬, ১০:২৫:০৪ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিএনজিযোগে সিলেট নগরীর আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার পথে ছেলে সহ ছিনতাইয়ের শিকার হয়েছেন এক কলেজ শিক্ষক। আজ শনিবার বিকেলে তিন বছরের ছেলের গলায় চাকু ধরে তার পকেট থেকে নগদ বিশ হাজার টাকা নিয়ে গেছে ওই সিএনজিচালকসহ ছিনতাইকারী।
ঘটনাটি ঘটেছে বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক ওহি আলম রেজার সাথে। বিষয়টি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জানিয়েছেন। ফেসবুকে তিনি লিখেন, আমার ৩ বছরের সন্তানসহ ছিনতাইকারীর শিকার। ২. ৫০ এ ড্রাইভার ও একজন প্যাসেঞ্জার থাকা অবস্থায় সিএনজিতে উঠি। এক মিনিট পর আমার বামপাশে আরেকজন বসে। কিছু দূর যেতে আমাকে বলে, ‘ কথা খইছ না’ এরপর একটা চাকু বের করে ছেলের দিকে ধরে। আমি ছেলেকে জড়িয়ে ধরলে পকেট থেকে প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায়। এরপর শাহী ঈদগাহে আমি নামিয়ে দিতে বললেও কিছুদূর গিয়ে আমাকে নামিয়ে দেয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, তিনি থানায় এসে অভিযোগ করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাকে নিয়ে আমরা তদন্তে আছি। সকল ছিনতাইকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে সিলেটে প্রতিনিয়ত ছিনতাই বেড়ে যাওয়ায় সিলেটে আতঙ্কের সৃষ্টি হয়েছে। দিনদিন সিলেটে ছিনতাই বেড়ে গেছে।




