সিলেটে হামের উপসর্গ নিয়ে ৫ মাস বয়সী শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ এপ্রিল ২০২৬, ২:৫৫:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে হামের উপসর্গ নিয়ে ৫ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম। তিনি জানান, ওই মেয়েটির জ্বর নিয়ে প্রথমে গত ৬ এপ্রিল সিলেটের শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে গতকাল তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানীর আইসিইউতে নেওয়া হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়। তার এখনো হামের টিকা দেওয়ারও সময় হয়নি। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছিল। এটি আসতে সময় লাগবে। যার কারণে বলা যাচ্ছে না তার হাম ছিল কি না।
মারা যাওয়া শিশু আরিশা সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জের বাসিন্দা।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর এসময়ে নতুন করে সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ জন। এনিয়ে সিলেটে হাম সন্দেহে ভর্তিকৃত রোগী রয়েছেন ১০১ জন।
এর আগে গত সোমবার হামের উপসর্গ নিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪ মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়। এনিয়ে সিলেটে ২ শিশুর মৃত্যু হয়েছে।




