এমসি কলেজে ‘বাংলা বিভাগ আন্তঃব্যাচ প্রীতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৬, ১১:৫৪:২৪ অপরাহ্ন
এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজে মুখরিত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে ‘বাংলা বিভাগ আন্তঃব্যাচ প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আজ মঙ্গলবার কলেজের ছাত্রাবাসের ১ম ব্লকের মাঠে বাংলা বিভাগের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদ’ এই টুর্নামেন্টের আয়োজন করে। দিনব্যাপী জমজমাট এই প্রতিযোগিতায় বিভাগের বিভিন্ন বর্ষের মোট ৮টি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বের খেলায় অনার্স তৃতীয় বর্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মাস্টার্স ব্যাচ।
ঐকতান সাহিত্য ও সংস্কৃতি সংসদের মুখ্য সম্পাদক লবীব আহমদের সঞ্চালনায় ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে টুর্নামেন্টে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক অঞ্জনা রাণী দে, সহকারী অধ্যাপক জিনি বেগম, মো. জাহেদুজ্জামান, কানন কান্তি দাস, এসএম আনোয়ারুজ্জামান, কলেজের শরীরচর্চা শিক্ষক মো. উস্তার আলী।
টুর্নামেন্ট পরিদর্শনে আসেন এমসি কলেজ ছাত্রদলের সভাপতি খান মোহাম্মদ সামি, সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ, কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি অলিদ হাসান, ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক আবিদুর রহমান।
সভাপতির বক্তব্যে বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ বিলাল উদ্দিন পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন। তিনি অত্যন্ত সুশৃঙ্খল এবং সুন্দরভাবে পুরো টুর্নামেন্টটি সম্পন্ন করার জন্য আয়োজক সংগঠন ‘ঐকতান’ এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানান।
বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দও মাঠের লড়াইয়ে অংশ নেওয়া বিজয়ী ও রানার্সআপ দলসহ সকল খেলোয়াড় ও দর্শকদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে এ ধরনের সুস্থ বিনোদনমূলক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।



