সিলেটে অনুষ্ঠিত হলো ‘জুলাই ম্যারাথন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৬, ৯:২১:০৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ ম্যারাথন ইভেন্ট ‘জুলাই ম্যারাথন ২০২৬’। শুক্রবার (২৪ জুলাই) সিলেট রানার্স ক্লাবের আয়োজনে সূচিত হলো নতুন ইতিহাস। এর আগে সিলেটে হাফ ম্যারাথন ও বিভিন্ন ধরনের রানিং ইভেন্ট অনুষ্ঠিত হলেও এটিই ছিলো সিলেটের প্রথম পূর্ণাঙ্গ ম্যারাথন ইভেন্ট।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ম্যারাথন রানার এ আয়োজনে অংশগ্রহণ করে ইতিহাসের এই মাইলফলকের সাক্ষী হন। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ঐতিহাসিক ক্বীন ব্রিজ থেকে যাত্রা শুরু করেন রানাররা। ম্যারাথনের রুটটি ক্বীন ব্রিজ, বন্দরবাজার, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা, এয়ারপোর্ট রোড হয়ে লাক্কাতুরা স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
ইভেন্টটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে পুরো রুটজুড়ে স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট সাইক্লিং ক্লাব, সিলেট স্কেটিং ক্লাব ও সিলেট বাইকার্স ক্লাবের সদস্যরা। অংশগ্রহণকারী রানারদের চিকিৎসা সহায়তা প্রদান করে সিলেট হেলথ সেন্টার এবং সার্বিক স্বেচ্ছাসেবী সমন্বয়ের দায়িত্বে ছিল সেভ সিলেট এর ইমার্জেন্সি রেসপন্স টিম ও সিলেট ওয়ান্ডার ওমেন।
আয়োজকরা জানান, সিলেটে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, নিয়মিত দৌড়চর্চার সংস্কৃতি গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের রানিং কমিউনিটি তৈরির লক্ষ্যেই তাদের এই উদ্যোগ। সিলেট রানার্স ক্লাব নিয়মিত রানিং ওয়ার্কশপ, ট্রেনিং সেশন এবং বিভিন্ন দূরত্বের রানিং ইভেন্টের আয়োজন করে থাকে। সংগঠনটি ইতোমধ্যে আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মানের ম্যারাথন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে। ওই আয়োজনে দেশবিদেশের তিন সহস্রাধিক রানারের অংশগ্রহণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সিলেট রানার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ড. আয়ান মুমিনুল হক বলেন, ‘আমাদের লক্ষ্য একটি সুস্থ, সচেতন ও সক্রিয় সিলেট গড়ে তোলা। রানিং শুধু একটি খেলা নয়, এটি একটি স্বাস্থ্যকর জীবনধারার অংশ। আমরা চাই রানিংয়ের মাধ্যমে সিলেটকে দেশবিদেশে আরও শক্তিশালী একটি ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে।’



