সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৬, ৯:৩১:৩৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনের সার্ভার রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ১১ টা ৫ মিনিটের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। তিনি জানান, ১১ টা ৫ মিনিটের দিকে হঠাৎ করে বিমানবন্দরের ইমিগ্রেশনের সার্ভার রুমে আগুন লাগে। পরে আমাদের ইন্টারনাল ফায়ার ফাইটিং সিস্টেমের মাধ্যমে আধা ঘণ্টার মধ্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। ওই রুমে কাঁচের জিনিসপত্র থাকায় ধোঁয়া ছিল অনেকবেশি। পরে ফায়ার সার্ভিস এসে কাজে লাগলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। ক্ষয়ক্ষতি এখন নিরূপণ করা সম্ভব না।
তিনি আরও জানান, বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে এতে ফ্লাইটে কোন ব্যাঘাত হয়নি।
সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, ১১ টা ৩৫ মিনিটে খবর পেয়ে ১১ টা ৫০ মিনিটে আমাদের দুটি ইউনিট সেখানে পৌঁছায়। পরে ১২ টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আর ১২ টা ২৫ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে আমাদের যাওয়ার পূর্বেই বিমানবন্দর কর্তৃপক্ষ আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।




