সিলেটে হামে আক্রান্ত হয়ে চার মাস বয়সী শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০২৬, ৭:৫০:৩৯ অপরাহ্ন
সিলেটে হাম আক্রান্ত চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটে এটিই প্রথম মৃত্যু।
মারা যাওয়া শিশুর বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক নুরে আলম শামীম। তিনি জানান, দু’দিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে পিআইসিউতে রাখা হয়। আজ দুপুর ১ টায় ওসমানী হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) ৪ মাস বয়সী ওই শিশুর মৃত্যু হয়।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় হামে শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে ভর্তি আছেন।বিভাগে এ পর্যন্ত মোট ৩৭ জন রোগীর হাম সনাক্ত হয়েছে।
এছাড়া ওসমানী হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিট চালু করা হয়।




