মিতব্যয়িতার অনন্য নজির : পৃথক ২০ গাড়ি ছেড়ে বাসে গাজীপুর গেলেন মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ এপ্রিল ২০২৬, ৪:০৫:২১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে শিল্পাঞ্চলের স্থিতিশীলতা রক্ষা এবং শ্রমিকদের বেতন-বোনাস সুশৃঙ্খলভাবে পরিশোধ নিশ্চিত করতে বুধবার গাজীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় যোগ দিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এক অভিনব ও মিতব্যয়ী দৃষ্টান্ত স্থাপন করেছেন। মন্ত্রী ও তাঁর সফরসঙ্গী ঊর্ধ্বতন কর্মকর্তারা পৃথক অন্তত ২০টি গাড়ি ব্যবহারের পরিবর্তে ইস্কাটন থেকে মাত্র একটি বাসযোগে গাজীপুরে যাতায়াত করেন। মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের অফিসকক্ষে বসে মন্ত্রী গাড়ির সংখ্যা কমানোর জন্য বাসে যাওয়ার সিদ্ধান্ত নেন। নিজেই ফোন করে বাসের ব্যবস্থা করেন তিনি।
বাসে মন্ত্রীর সাথে ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মোঃ ইমরুল মহসিন এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।
মন্ত্রীর এই উদ্ভাবনী উদ্যোগের ফলে মন্ত্রী, সচিব, বিভাগীয় কমিশনার ও অন্যান্য কর্মকর্তাদের ব্যক্তিগত গাড়ি বহরের অন্তত ২০টি গাড়ির ব্যবহার সাশ্রয় হয়েছে। এতে জ্বালানি খরচ হ্রাসের পাশাপাশি রাষ্ট্রীয় ব্যয় সংকোচন সম্ভব হয়েছে। দীর্ঘ যাত্রাপথে বাসে বসে কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দাপ্তরিক আলোচনা সম্পন্ন করেন, যা কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও কাজের সমন্বয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে। বর্তমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে মন্ত্রীর এই বাসযাত্রা একটি অনন্য দৃষ্টান্ত, যা অন্যান্য মন্ত্রণালয় ও সরকারি দপ্তরের জন্য অনুকরণীয়।



