সিলেটে হামে আক্রান্ত হয়ে ২ বছর বয়সী শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৬, ১:৩৯:১৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে হামে আক্রান্ত হয়ে সাজু নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯ টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির। তিনি জানান, সাজু হামে আক্রান্ত রোগী। যার সাথে তীব্র ডায়রিয়া, নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার মতো জটিলতা দেখা দিয়েছে। রোগীর শারীরিক অবস্থার অবনতির কারণে গতকাল থেকে তাকে যান্ত্রিক ভেন্টিলেশনে রাখা হয়েছিল। সমস্ত সহায়ক চিকিৎসা সত্ত্বেও, রোগীর অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকে এবং সকাল ৯ টায় তাকে মৃত ঘোষণা করা হয়।
এর আগে সিলেটে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৪১ জন নতুন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে ১৫৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিলেট বিভাগে সবচেয়ে বেশি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৯ জন রোগী ভর্তি রয়েছেন।



