ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ৭:৫৬:১৯ অপরাহ্ন
সামাজিক ও মানবিক সংগঠন Friends Blood Donation Sylhet-এর উদ্যোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর এলাকায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং ও রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ এপ্রিল) চাটিবহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের প্রতিষ্ঠাতা পরিচালক ও কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাঈমের পরিচালনায় সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাবেক পরিচালক ইমরানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও অত্র সংগঠনের উপদেষ্টা মোঃ শিহাব উদ্দিন। এসময় তিনি বলেন, “রক্তদান একটি মহৎ কাজ। একজন মানুষের দান করা রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ সিলেটের সভাপতি ও তেলিখাল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান মিজান।
কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ রক্তদানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন এবং সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহবান জানান।
আয়োজকরা জানান, “মহৎ কাজ রক্তদান, রক্ত দিন জীবন বাঁচান” স্লোগানে ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, Friends Blood Donation Sylhet দীর্ঘদিন ধরে অসহায় রোগীদের রক্তের ব্যবস্থা করে আসছে এবং সমাজে রক্তদানে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসময় সকলের রক্তের গ্রুপ নির্ণয় করে দেন সেইফটি সোশ্যাল অর্গানাইজেশনের সিনিয়র স্বেচ্ছাসেবী মুহিবুর রহমান সোয়াইব, স্বেচ্ছাসেবী রায়হান আলী।
এসময় উপস্থিত ছিলেন সামাজিক ব্যক্তিত্ব রাজ্জাক আহমদ, সেবা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আক্তার হোসেন, ফ্রেন্ডস ব্লাড ডোনেশন সিলেটের সিনিয়র সদস্য ওয়াসীম আহমেদ আবীর, হোসাইন আহমদ।
এছাড়াও এলাকার গণমান্য মুরব্বি ও ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



