দিরাইয়ে সরকারি বই ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ মাদ্রাসা দপ্তরীর বিরুদ্ধে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২৬, ৭:৫০:৫৫ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জের দিরাই পৌর শহরের হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দপ্তরী শহীদুল ইসলাম কর্তৃক বিনা অনুমতিতে সরকারি বিপুল পরিমাণ বই ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ী মাদ্রাসার একটি কক্ষ থেকে ভ্যানগাড়ি দিয়ে বইগুলো আনার সময় কয়েক যুবক তা দেখতে পেয়ে ভিডিও ধারণ করেন।
পরে দপ্তরী শহীদুল ইসলাম মোবাইল ফোনে বই বিক্রি বাবদ প্রাপ্ত অর্থ ওই যুবকদের দেওয়ার প্রস্তাব দিয়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। তবে এতে যুবকরা রাজী না হয়ে ঘটনার বিষয় গ্রামের লোকদের জানায়। বাগবাড়ী গ্রামের লোকজন ভাঙারি ব্যবসায়ী রফিকুল মিয়ার কাছ থেকে দপ্তরী শহীদুল ইসলামের বিক্রি করা ৪টি বস্তায় প্রায় ৩শ কেজি ২০২৬ ইং সনের পাঠ্যপুস্তক উদ্ধার করে নিজেদের হেফাজতে রেখেছেন।
বাগবাড়ী গ্রামের লোকজন জানান, যুবকদের কাছ থেকে বিষয়টি জানার পর ভাঙারি ব্যবসায়ীর কাছ থেকে বইগুলো উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে বলেও জানান তারা।
ভাঙারির ব্যবসায়ী রফিকুল মিয়া বলেন, মাদ্রাসার দপ্তরী শহীদুল ইসলাম কিছু বই বিক্রির প্রস্তাব দিলে, আমি ভ্যানগাড়ি নিয়ে মাদ্রাসায় যাই। এরপর দপ্তরী আমার কাছে বইগুলো বিক্রি করেন। দপ্তরী শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যায় পরে ইউএনও সাহেবের কাছে যাব। এ বিষয়ে ফোনে কথা বলতে পারব না। সরাসরি দেখা করে কথা বলব।
হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ইউএনও সাহেবকে বিষয়টি জানিয়েছি। সন্ধ্যায় বিষয়টি নিয়ে আমরা বসবো।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সনজীব সরকার বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




