গোয়াইনঘাটে পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে ১১দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৬, ৯:০৩:১৯ অপরাহ্ন
গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশ সীমান্তে ভারতের কথিত পুশ-ইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবিতে সিলেটের গোয়াইনঘাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্যজোট। শুক্রবার বিকেলে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সবজি বাজার পয়েন্ট গিয়ে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ডা. আব্দুন নুরের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী হাফিজ মিছবাহ উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ জয়নাল আবেদিন। তিনি সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও পুশ-ইনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর নেতা মহিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা শাখার সদস্য সচিব সারোয়ার তুষার, জাতীয় নাগরিক পার্টি গোয়াইনঘাট উপজেলা আহবায়ক মনসুরুল হাসান, জাতীয় নাগরিক পার্টি গোয়াইনঘাট উপজেলা সদস্য সচিব তানজির আহমদ, উপজেলা উপজেলা জামায়াতে সেক্রেটারী ইমরান আহমদ, উপজেলা জামায়াতের সাবেক সেক্রটারী আনোয়ার হোসাইন খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা সীমান্তে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে এ বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের আহবান জানান এবং সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।




