কানাইঘাটে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৬, ১০:০৩:০৪ অপরাহ্ন
কানাইঘাট (সিলেট) থেকে নিজেস্ব সংবাদদাতা : সিলেটের কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পশ্চিম গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- উপজেলার নিজ চাউরা পশ্চিম গ্রামের সুহেল আহমদের ৪ বছরের শিশু কন্যা আনিসা বেগম ও তার ভাগনি ৫ বছরের শিশু ফারিয়া।
জানা যায়, আনিসা বেগম ও ফারিয়া বেগম গতকাল শুক্রবার সাড়ে ১২টার দিকে বাড়ির আঙ্গিনায় খেলতে যায়। একপর্যায়ে বাড়ির লোকজন আনিসা ও ফারিয়াকে খুঁজাখুঁজি করে না পেয়ে বাড়ির পুকুরে তল্লাশী করে তাদের লাশ উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে দুই শিশুর লাশ থানায় নিয়ে আসা হলে আইনী প্রক্রিয়ার মাধ্যমে স্বজনদের কাছে ঐ দুই শিশুর লাশ হস্তান্তর করে পুলিশ।
স্থানীয়রা জানান, ৫ বছরের শিশু ফারিয়া বেগমের বাবার বাড়ি পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার দাসের গ্রামে। সে ঐ গ্রামের সাদিক আহমদের মেয়ে। ফারিয়া মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। পুকুরের পানিতে ডুবে শিশু ফারিয়া ও আনিসার এমন অকালমৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের কান্নায় এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ইতিমধ্যে লাশ দাফনও করা হয়েছে।



