সিলেট সরকারি কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সভাপতি সহ আহত- ২
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৬, ১০:১৬:৫৭ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেট সরকারি কলেজে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কলেজ ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন শিকদার ও সহ-সভাপতি মিজান উদ্দিন আহত হয়েছেন। আজ রোববার (১৪ জুন) বেলা আড়াইটার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
ছাত্রদলের একটি সূত্র জানায়, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, রোববার দুপুরে সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন শিকদার ও সাধারণ সম্পাদক রুমেল আহমদ রাসেলের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে মিনহাজ উদ্দিন শিকদার এবং কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মিজান উদ্দিন আহত হন।
ছাত্রদলের সূত্র আরও জানায়, এর আগে সকালে সভাপতি মিনহাজ উদ্দিন শিকদারের নেতৃত্বে কিছু জুনিয়র নেতাকর্মীর হাতে সাধারণ সম্পাদক রুমেল আহমদ রাসেল শারীরিকভাবে লাঞ্ছিত হন।
মিনহাজ উদ্দিন শিকদার জেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুস সালাম টিপু গ্রুপের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, অন্যদিকে রুমেল আহমদ রাসেল মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের অনুসারী হিসেবে পরিচিত।
সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রুমেল আহমদ রাসেলকে কল দিলেও পাওয়া যায়নি।
তবে সভাপতি মিনহাজ উদ্দিন শিকদার বলেন, এরকম কোনো ঘটনা ঘটে নি। আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছিল। এটার সমাধান হয়েছে।
সিলেট সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুর রহমান বলেন, “বেলা আড়াইটার দিকে কলেজ গেট এলাকায় মারামারির ঘটনা ঘটে। তখন আমি পরীক্ষার দায়িত্বে ছিলাম। পরে বের হয়ে দেখি দুজন আহত হয়েছেন। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমেদ বলেন, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে আপনার সাথে কথা বলতেছি বলেই তিনি ফোন কেটে দেন।



