দিরাইয়ে নিহত শ্রমিকদের বাড়িতে তারেক রহমানের শোক ও সহায়তা নিয়ে গেলেন পাবেল চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০২৬, ৬:২৫:১৬ অপরাহ্ন
ডাক ডেস্কঃ সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত দিরাইয়ের ৪ নির্মাণ শ্রমিকের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারগুলোর উপার্জনক্ষম মানুষকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।নিহত পরিবারগুলোর পাশে দাঁড়ান সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিরাই-শাল্লা আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।
গত সোমবার দুপুরে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ব্যক্তিগত শোকবার্তা ও নগদ আর্থিক সহায়তা নিয়ে নিহতদের বাড়িতে বাড়িতে যান তিনি।
অ্যাডভোকেট পাবেল চৌধুরী দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের ইসলামপুরের নিহত নুরুজ আলী (৬০), নূরনগরের ফরিদুল ইসলাম (৩৫), ভাটিপাড়া গ্রামের রামিন মিয়া (২৫) এবং রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের মুন্নী বেগমের (২৮) বাড়িতে যান।
এসময় অ্যাডভোকেট পাবেল চৌধুরী শোকাহত পরিবারগুলোকে সান্ত্বনা দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা পৌঁছে দেন। পাবেল চৌধুরী বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা আজ এই শোকাতুর পরিবারগুলোর পাশে এসেছি। এই শোক সহ্য করার মতো নয়। আমরা সবসময় আপনাদের পাশে আছি এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে আমাদের সহায়তা অব্যাহত থাকবে।



