সিলেটে সাহিত্য-সংস্কৃতি চর্চার পথ আরও সুগম হবে- সিসিক প্রশাসক
সিলেটে প্রকাশক পরিষদের সিলেট বইমেলার উদ্বোধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ মে ২০২৬, ৮:৩৫:৪২ অপরাহ্ন
সিলেটে প্রকাশক পরিষদ সিলেট আয়োজিত ‘সিলেট বইমেলা ২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই বইমেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। রোববার শুরু হওয়া এ বইমেলা আগামী ১৮ মে পর্যন্ত প্রতিদিন বেলা ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।
এসময় তিনি প্রধান অতিথির বক্তব্য বলেন, সিলেটের সাহিত্য ও সংস্কৃতি চর্চার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও ঐতিহ্যবাহী। দেশভাগের আগের সময় থেকে এ অঞ্চলে সাহিত্য-সংস্কৃতির যে ধারা শুরু হয়েছিল, তা এখনও অব্যাহত রয়েছে। বর্তমান গণতান্ত্রিক সরকার সাহিত্য-সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানও এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডকে সর্বদা সমর্থন দিয়ে আসছেন।
সিসিক প্রশাসক বলেন, “আমরা সবসময় সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করি। তাই এ ধরনের কর্মকাণ্ডে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে আমরা ব্যথিত হই। আজ সিলেটে বইমেলার আয়োজন হয়েছে, এটি অত্যন্ত আনন্দের বিষয়। আমি আশা করি, এই বইমেলা প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে। সিলেটে সাহিত্য-সংস্কৃতির বিকাশে সিটি কর্পোরেশন সবসময় ইতিবাচক ভূমিকা পালন করবে। বইমেলা আয়োজনসহ এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ বাস্তবায়নে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।”
প্রকাশক পরিষদ সিলেটের সভাপতি নাজমুল হক নাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সুফি সুফিয়ান।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক শামসুল বাসিত শেরো এবং প্রবাসী ব্যবসায়ী জাবেদ আহমেদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জান্নাতুল নাজনীন আশা।




