শান্তিগঞ্জে ফারিয়ার মানববন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ৯:২৭:১৭ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ মে) সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কেন্দ্রীয় ফারিয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে উপজেলা ফারিয়ার উদ্যোগে এ প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে একমি ল্যাবরেটরিজ লিমিটেডের মো. আবু হানিফের সভাপতিত্বে এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তারা বলেন, গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানের নামে পেশাদার মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ‘দালাল’ আখ্যা দিয়ে হয়রানিমূলকভাবে আটক করা হয়েছে। এর প্রতিবাদেই আজকের এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের জন্য নিরাপদ ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এ ধরনের হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- এসকেএফ ফার্মার সাকিব আহমদ, ড্রাগ ইন্টারন্যাশনালের আজিম উদ্দিন, পপুলার ফার্মার রুবেল মিয়া, এরিস্টো ফার্মার সুন্নত সরকার, জিসকা ফার্মার আশরাফুল আলাম, ল্যাবএইড ফার্মার নূরুন নবী, গ্লোব ফার্মার সুকান্ত এবং ইবনে সিনা ফার্মার নাজমুল হাসানসহ আরও অনেকে।




