তায়কোয়ান্দো ইভেন্টে বিভাগীয় সেরা স্কলার্সহোমের তায়িইবা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৬, ৯:৫০:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের স্কলার্সহোম দক্ষিণ সুরমা শাখার শিক্ষার্থী তায়িইবা ‘নতুন কুঁড়ি ২০২৬’ প্রতিযোগিতায় এক গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। প্রতিযোগিতার তায়কোয়ান্দো ইভেন্টে সিলেট বিভাগে সে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। সপ্তম শ্রেণীর এই শিক্ষার্থীর অসামান্য সাফল্যে আনন্দিত তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান।
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে তায়িইবা প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় সাক্ষাৎ লাভ করে এবং তাঁর কাছ থেকে বিশেষ আশীর্বাদ ও দোয়া গ্রহণ করে। দেশের অন্যতম বৃহৎ এই প্রতিযোগিতায় সিলেট বিভাগে শীর্ষস্থান অধিকার করা তায়িইবার জন্য এক অনন্য মাইলফলক। আগামী ১৫ মে একটি বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাণিজ্যমন্ত্রী খন্দতার আব্দুল মুক্তাদির তার হাতে জাতীয় পর্যায়ের এই পুরস্কার তুলে দেবেন।
স্কলার্সহোম দক্ষিণ সুরমা শাখার অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ তায়িইবার এই সাফল্যে গর্ব প্রকাশ করে জানান, পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে তার এই অর্জন অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তায়িইবার পরিবার তার এই ধারাবাহিক সাফল্যের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।



