মাওলানা কামাল হোসেন আল মাথহুরীর ‘যিয়ারতে হারামাইন’ বইয়ের মোড়ক উন্মোচন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২৬, ১১:০৭:৩৫ অপরাহ্ন
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি : ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ পবিত্র হজ্বকে সামনে রেখে হজ্ব ও ওমরাহ পালনে প্রয়োজনীয় নিয়ম-কানুন, মাসআলা-মাসায়েল এবং হারামাইনের গুরুত্বপূর্ণ স্থানসমূহ সম্পর্কে হুজ্জাজে কিরামদের সহায়ক হিসেবে বিশিষ্ট আলেম, লেখক, শিক্ষক ও সংগঠক মাওলানা মো. কামাল হোসেন আল মাথহুরীর রচিত “যিয়ারতে হারামাইন” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে বিয়ানীবাজার পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে রাব্বানী ওভারসীজ এভিয়েশনের স্বত্বাধিকারী আলহাজ্ব মাসহুদ আহমদের সভাপতিত্বে আয়োজিত হজ্ব প্রশিক্ষণ কর্মশালায় বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হজ্ব একটি আধ্যাত্মিক সফর। এ সফরকে সুন্দর ও সহিহভাবে সম্পন্ন করতে সঠিক জ্ঞান অর্জনের বিকল্প নেই। মাওলানা কামাল হোসেন আল মাথহুরীর ‘যিয়ারতে হারামাইন’ বইটি হজ্বযাত্রীদের জন্য অত্যন্ত উপকারী একটি সংযোজন হবে।”
সভাপতির বক্তব্যে আলহাজ্ব মাশহুদ আহমদ বলেন, “বর্তমান সময়ে হজ্ব ও ওমরাহ সম্পর্কিত নির্ভরযোগ্য বাংলা বইয়ের প্রয়োজনীয়তা অনেক বেশি। এই বইটি হজ্বযাত্রীদের প্রস্তুতি গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
মাওলানা আব্দুল বাছিত আরিফীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুফতি শেহাব উদ্দিন আলীপুরী, আঙ্গুরা মোহাম্মদপুর টাইটেল মাদরাসার মুহাদ্দিস মুফতি মুজিবুর রহমান, সিলেটের দারুল হুদা মাদরাসার মুহাদ্দিস হাফিজ মাওলানা সিরাজুল ইসলাম, বিমান বাংলাদেশের ডিএম শরিফুল আলম এবং ডা. মাসুম আহমদ।
লেখক মাওলানা মো. কামাল হোসেন আল মাথহুরী তার বক্তব্যে বলেন, “হজ্ব ও ওমরাহ পালনে অনেক সময় অজ্ঞতার কারণে মানুষ বিভ্রান্তিতে পড়ে যান। সহজ ভাষায় প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি, যেন সাধারণ হজ্বযাত্রীরাও উপকৃত হতে পারেন। আমি সকলের কাছে দোয়া কামনা করছি।”
অনুষ্ঠানের শেষাংশে চারখাই পাতন নিবাসী মরহুম হাফিজ ছমির উদ্দিনের ঈসালে ছাওয়াব উপলক্ষে জুনেদ আহমদের পক্ষ থেকে আগত নারী-পুরুষ হজ্বযাত্রীদের মধ্যে বইটি উপহার হিসেবে বিতরণ করা হয়।
উল্লেখ্য, লেখক মাওলানা মো. কামাল হোসেন আল মাথহুরী বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের জালালিয়া মহিলা আলিম মাদরাসার উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। তার বাড়ি একই ইউনিয়নের মাথিউরা মিনারাই গ্রামে। ইতোমধ্যে তার রচিত বেশ কয়েকটি বই পাঠকমহলে সমাদৃত হয়েছে।




