দিরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৬ হাজার টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ মে ২০২৬, ৩:৫৮:২৬ অপরাহ্ন
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাই পৌর শহরে যানজট নিরসন, অবৈধ দখলমুক্তকরণ এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির বিরুদ্ধে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার (২৩ মে) বিকেলে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দিরাই থানা পুলিশের একটি দল মোবাইল কোর্টকে সার্বিক সহায়তা করে।
অভিযান সুত্রে জানা যায়, পৌর শহরের থানা পয়েন্টে অটোরিকশা পার্কিং করায় জরিমানা শহরের কেন্দ্রস্থল থানা পয়েন্ট এলাকায় যত্রতত্র অটোরিকশা পার্কিং করে কৃত্রিম যানজট তৈরি করার অপরাধে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে পৃথক ৯টি মামলায় সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় সড়ক প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী ৫টি মামলা দায়ের করে সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে চালকদের সুনির্দিষ্ট পার্কিং জোন ছাড়া অন্য কোথাও গাড়ি না রাখার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এদিকে দিরাইয়ের কালনী ব্রিজের ওপর অনুমতি ব্যতিরেকে অবৈধভাবে পাথরের স্তূপ রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে অভিযান চালানো হয়। ফুটপাত ও ব্রিজ দখল করে গণউপদ্রব সৃষ্টির দায়ে একই আইনে (স্থানীয় সরকার পৌরসভা আইন, ২০০৯) ৩টি মামলায় আরও ৬ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবিলম্বে ব্রিজ থেকে পাথর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পৌর সদরের বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ফার্মেসিগুলোতেও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুত ও বিক্রি করার অপরাধ হাতেনাতে প্রমাণিত হওয়ায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ অনুযায়ী ১টি মামলায় ‘পিটি রায় ফার্মেসী’কে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জিয়াউল হাসান সৌরভ জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।




