দিরাইয়ে জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্টের সেলাইমেশিন বিতরণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুন ২০২৬, ৭:২২:০১ অপরাহ্ন
দিরাই সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতাঃ-সুনামগঞ্জের দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ করেছে জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্ট। আজ বৃহস্পতিবার (১৮জুন) সকাল ১১টায় পৌর শহরের আজমল কনভেনশন হলে ৩৯ জন নারীর বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।
জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্টের চেয়ারম্যান ড. মাওলানা শোয়াইব আহমদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি লন্ডন বার্কিং অ্যান্ড ডেগেনহ্যাম বরোর অ্যাসেম্বলির ডেপুটি চেয়ার মোহাম্মদ সাদরুজ্জামান খান বলেন, ডোনেশন সবাইকে দেওয়া যায়, আমার কাছে একজন গরীব আসলো আমি তাকে নগদ কিছু টাকা দিয়ে দিলাম এসব ডোনেশনের মাধ্যমে মানুষকে অলস বানানো হয়। তাই আমি মনে করি জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্ট আজ তাদের ক্রিয়েটিভ ডোনেশন বা সৃজনশীল অনুদানের মাধ্যমে মানুষের কারিগরি দক্ষতা (টেকনিক্যাল স্কিল) উন্নয়ন বর্তমান যুগের অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিক চাহিদা পূরণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জিয়াউল হাসান সৌরভ।
জাহানারা মেমোরিয়াল সমাজসেবা ট্রাস্টের চেয়ারম্যান ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমদ বলেন, আমরা এই ট্রাস্টের মাধ্যমে দিরাই-শাল্লা এলাকার অসহায়, হতদরিদ্র ও বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ঈদ বা কুরবানির সময় উপহার সামগ্রী বিতরণ এবং বিভিন্ন সমাজসেবামূলক ও ধর্মীয় কার্যক্রমে অর্থায়ন করে আসছি এবং ভবিষ্যতেও সমাজের নারী-পুরুষ যুবক যুবতীদের বেকারত্ব দূরীকরণের জন্য আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।




