সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার ম্যাগাজিন ‘আল-মানহাল’ এর প্রকাশনা অনুষ্ঠান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ জুন ২০২৬, ১০:৩২:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার বার্ষিক ম্যাগাজিন ‘আল-মানহাল’ এর প্রকাশনা অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসা মিলনায়তনে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকান্ড জাতির সামগ্রিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাহিত্য মানবতাবাদ ও নৈতিকতা বিকাশে ভূমিকা রাখে।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক ড. মো. বায়েজীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক মো. ফজলুর রহমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রের নর্দান ইলিনয় ইউনিভার্সিটির পিএইডি ফেলো মাসুদ পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কর্তৃক ‘আল-মানহাল’ প্রকাশনা শিক্ষার্থীদের লেখক হিসেবে তৈরি করার সোপান হয়ে থাকবে। এই প্রকাশনা অব্যাহত রাখার ওপর গুরুত্বআরোপ করেন তিনি।
প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক শাহ শহীদুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জেসমিন আক্তার, সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান চৌধুরী, মো. রফিকুল হক, আনোয়ার হোসেন, মো. শামসুল কিবরিয়া চৌধুরী, রনজিত শর্মা, আইরিন সুলতানা, প্রভাষক জায়েদা আক্তার ও মো. আইনুল হক, সিনিয়র শিক্ষক মো. মামুনুর রশীদ মর্ত্তুযা এবং শরীরচর্চা শিক্ষক মো. আব্দুল কাইয়ূম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী আনাস হাবিব কলিন্স প্রমুখ।
সভাপতির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, সিলেট অঞ্চলে শিক্ষার অগ্রযাত্রায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অবদান অনস্বীকার্য। এই প্রকাশনা শিক্ষার্থীদের মননশীলতার চর্চায় অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।



