বালাগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির স্কুলভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২৬, ১০:০৫:৩৪ অপরাহ্ন
বালাগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাধ্যমিক স্কুল পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাব্যাপী চলমান এ বিতর্ক প্রতিযোগিতার অংশ হিসেবে আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে দেওয়ান বাজার ইউনিয়ন পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসা ও শিশু সদন মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় গহরপুর আল-ফালাহ একাডেমি দলকে হারিয়ে ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমি।
শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছে বিজয়ী দলের দলনেতা হাফিজা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুন নূর। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মো. আল আমিন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী এএসএম আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির শিক্ষক মো. তুহিনূর ইসলাম।
‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী পক্ষদল গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির অংশগ্রহণকারীরা হলেন, নাজিফা জান্নাত ফাইজা, সানজানা কবির নাবিলা এবং দলনেতা হাফিজা বেগম।
বিজিত বিপক্ষ দলের অংশগ্রহণকারী হলেন, মাহিয়া বিনতে হুসাইন, সানজিদা জান্নাত নিশাত এবং দলনেতা হাবিবুর রহমান।



